কেতন শেখ- এর গল্প- ঈশ্বর - পর্ব ৭
ঈশ্বর কেতন শেখ সপ্তম পর্ব 'ভাইজান, আরাম করে বসেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছেন কেন? আমাদের দেশ তো গুজরাট না। এই দেশের মানুষ রবিচন্দ্রণ মৈত্রের পাশে খুব সহজেই বসতে পারে।' জাহিদ আসলেই ঘামছে। পকেটে রুমাল নেই। ও কোট খুলে হাতে নিলো। এরপর অজান্তেই রবিচন্দ্রণ মৈত্রের পাশে বসলো। পায়ের দিকে দৃষ্টি রেখে হালকা স্বরে বলল, 'আজকে গরম পড়েছে। পৌষ মাসের কোনো লক্ষণ নেই।' 'পৌষ মাসের গরম হচ্ছে নিজের মাথার গরম। আপনার মাথায় দুশ্চিন্তা আছে। সেই দুশ্চিন্তার গরমে আপনি ঘামছেন। কোট দিয়ে মুখ মুছে নেন। এরপর আবার পানি খান। ভালো লাগবে।' 'ধন্যবাদ। এই মুহূর্তে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। দয়া করে আমার সাথে কথা বলবেন না।' 'আমি আপনার হিতের কথা ভেবেই বলছিলাম।' 'আমার হিত নিয়ে আপনাকে উপদেশ দিতে হবে না।' দৃঢ় স্বরে বলা কথাতেও লোকটা বিব্রতবোধ করল না। আগের মতোই সহজ ভঙ্গিতে বলল, 'আপনি মাত্রই এই এলাকায় এসেছেন। স্থানীয় কারো সাথে কথা বললে ভালো লাগবে। কথা বলেন। আপনি কোথায় যাবেন বলেন, হয়তো আমি আপনাকে পথ বলতে পারব।' 'আমি ঈশ্বরগঞ্জ সদরে যাব। সেখানে যাওয়ার পথ আমি জানি। ...