কেতন শেখ-এর কবিতা - বাংলাদেশ

 

বাংলাদেশ

কেতন শেখ


তোমার জন্য যুদ্ধ করি তোমার জন্য মরি,

তোমার জন্য বেসুরো হয়েই জীবনের গান ধরি।

তোমার জলেই বিষাদ সেঁচে হরিষ মুক্তা খুঁজি,

তোমার সাথেই অবুঝ তবুও তোমাতেই সব বুঝি।


আমার হৃদয়ে তোমার যে ছোঁয়া প্রেমের পরশ মাখে,

বসুধার ধূল মৃত্তিকা লেপে শ্বসনের সুখ আঁকে।

সে সুখেই আমি খুঁজে পাই সব পূর্ণতা অভিলাস,

তোমার জন্য জনম আমার বেঁচে থাকা বারোমাস।


তোমাতেই কাঁদি তোমাতেই হাসি

কভু ভেসে ডুবি কভু ডুবে ভাসি

তোমাতেই আশা আর যে নিরাশা

তোমাকে ভেবেই সব ভালোবাসা।


বাংলাদেশ, বাংলাদেশ

তোমার সঙ্গে শুরু, আর তোমাতেই হবো শেষ।


তোমার জন্য রৌদ্রের তাপে বৃষ্টির গান গাই,

চেনা পথে হেঁটে ক্লান্ত চরণে অচেনায় ছুটে যাই।

তোমাতেই জয় পরাজয় সব বাস্তবতার সাথে,

তোমার জন্য কামনা যাচনা ক্লান্ত রিক্ত হাতে।


আমার মননে আমার চেতনে তোমার অরুণ আলো,

মন্দের সাথে আমি যুঝি জানি তোমার মাঝেই ভালো।

ধরণী আকাশ রোদ ছায়া জলে বন্ধু আমার তুমি,

কান্নায় শুরু হাসিতে বিদায় তোমার চরণ চুমি।


তোমাতেই কাঁদি তোমাতেই হাসি

কভু ভেসে ডুবি কভু ডুবে ভাসি

তোমাতেই আশা আর যে নিরাশা

তোমাকে ভেবেই সব ভালোবাসা।


বাংলাদেশ, বাংলাদেশ

তোমার সঙ্গে শুরু, আর তোমাতেই হবো শেষ।




Comments

Popular posts from this blog

কেতন শেখ-এর কবিতা - রঙ

The Price of Money - Joishtho 1432

কেতন শেখ-এর কবিতা - ঘনান্ধকার