কথার কাগজ এর ২০২৫ বর্ষ পরিক্রমা


কথার কাগজ এর ২০২৫ বর্ষ পরিক্রমা

সংবেদনশীলতা, সমেত ভাবনা এবং সুগম শিল্পচর্চাকে কেন্দ্র করে কথার কাগজ তার প্রকাশনা-যাত্রার ধারাবাহিকতায় যে পরিসর তৈরি করেছে, তা শুধুমাত্র বাৎসরিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ কোনো হিসেব নয়, বরং এটি সমকালীন বাংলা সাহিত্যচর্চার এক সচল নথি। 

কথার কাগজ তার যাত্রা শুরু করেছিলো এমন একটি সাহিত্যিক পরিসর নির্মাণের প্রত্যয়ে, যেখানে শব্দ কেবল সৌন্দর্যের অনুষঙ্গ নয়, বরং মানবিক দায়বদ্ধতার বাহন। বিগত বছরে কথার কাগজের ধারাবাহিক প্রকাশনা ও বহুমুখী কর্মকাণ্ড সেই প্রত্যয়েরই সুস্পষ্ট প্রতিফলন। এই সময়টুকু ছিলো আত্মঅনুসন্ধান, সম্প্রসারণ এবং সাহিত্যকে আরও গভীরে ও বহুদূরে পৌঁছে দেওয়ার এক নিরলস যাত্রা।

প্রকাশনার ক্ষেত্রে কথার কাগজ এ বছরে একটি সুস্পষ্ট ও সমৃদ্ধ পরিসর নির্মাণ করেছে। প্রায় ৭০ জন নবীন ও অগ্রজ কবির তিন শতাধিক কবিতা প্রকাশের মাধ্যমে কবিতার ভাষা, ভাব ও শৈল্পিক অনুসন্ধানে বৈচিত্র্য তুলে ধরা হয়েছে; একই সঙ্গে প্রায় ৫০ জন লেখকের গল্প ব্যক্তি জীবনের সূক্ষ্ম টানাপোড়েন থেকে শুরু করে বৃহত্তর সামাজিক বাস্তবতাকে সাহসী ও পরীক্ষাধর্মী ভঙ্গিতে উপস্থাপন করেছে। 

পাশাপাশি সাহিত্যিক, অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, ক্রীড়াবিদ, চলচ্চিত্রকার ও তরুণ উদ্যোক্তাসহ বিভিন্ন প্রখ্যাত ব্যক্তির সাক্ষাৎকারে উঠে এসেছে তাঁদের জীবনদর্শন ও সামাজিক দায়বদ্ধতার বহুমাত্রিক চিত্র। এর সঙ্গে যুক্ত হয়েছে গবেষণামূলক ও মননশীল প্রবন্ধ—যেখানে ময়মনসিংহ গীতিকা, পান বিষয়ক আলোচনা, সামাজিক পর্যালোচনা এবং রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম ও কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে কেন্দ্র করে রচিত ধারাবাহিক প্রবন্ধ পাঠকের চিন্তাজগৎকে গভীর ও বিস্তৃত করেছে।

প্রকাশনার পাশাপাশি বিতরণ কার্যক্রমেও কথার কাগজ একটি বিস্তৃত ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। দেশব্যাপী ৭১টি জাতীয় গণগ্রন্থাগারে কথার কাগজ নিয়মিতভাবে বিতরণ করা হয়েছে, যা চলমান রয়েছে। বাংলাদেশের সকল জেলার পাশাপাশি ইংল্যান্ড, দুবাই, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় কথার কাগজ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। 

এই বিস্তৃত বিতরণ নেটওয়ার্কের মূল লক্ষ্য হলো,সুগম সাহিত্য প্রতিষ্ঠা, যাতে কোনো পাঠকই বাংলা সাহিত্যের রসাস্বাদন থেকে বঞ্চিত না হন। ভৌগোলিক সীমা অতিক্রম করে বাংলা ভাষা ও সাহিত্যের পাঠকগোষ্ঠীর সঙ্গে সংযোগ স্থাপন কথার কাগজের এই সময়ের অন্যতম বড় অর্জন।

ডিজিটাল পরিসরেও কথার কাগজ তার উপস্থিতি সুদৃঢ় করেছে। বাংলার সাহিত্য ব্লগে বাংলাদেশের শিল্প ও সাহিত্যের খ্যাতনামা ব্যক্তিদের জীবন ও কর্মকাণ্ডের আলোকে লেখা বিশেষ ফিচারগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। ব্লগ প্ল্যাটফর্মে দেশের সকল জেলার পাশাপাশি দেশ-বিদেশের বহু লেখক ও পাঠকের সক্রিয় অংশগ্রহণ কথার কাগজকে একটি প্রাণবন্ত সাহিত্যসমাজে রূপ দিয়েছে। 

এছাড়াও নারী-পুরুষ নির্বিশেষে, নবীন ও অগ্রজ সকলের লেখা, মতামত ও ভাবনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসফুকের কথার কাগজ সাহিত্য ব্লগকে সমৃদ্ধ করেছে। সংবেদনশীল সাহিত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই ব্লগে সকলের কণ্ঠকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা হয়েছে, এটাই কথার কাগজের নৈতিক অবস্থান।

সমেতকরণের দর্শনকে বাস্তবে রূপ দিতে কথার কাগজ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও করবে। বাংলা সাহিত্যে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়াসে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সুবিধাবঞ্চিত মানুষের সাহিত্যচর্চায় যুক্ত হওয়ার সুযোগ তৈরিতে। এই লক্ষ্যে কথার কাগজের বিশেষ কার্যক্রম ‘প্রসূন’ নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে প্রান্তিক কণ্ঠগুলো আরও দৃশ্যমান হয় এবং সাহিত্যের আলো তাদের জীবনেও প্রতিফলিত হয়।

বিগত বছরে কথার কাগজ ফেনী জেলায় সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে, যা স্থানীয় সাহিত্যপ্রেমী ও লেখকদের মধ্যে একটি প্রাণবন্ত সংযোগ তৈরি করেছে। পাশাপাশি নিয়মিত অনলাইন আলোচনা ও কবিতা পাঠের আয়োজন কথার কাগজকে একটি চলমান সাহিত্যিক সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। বিজয় বইমেলায় কথার কাগজ পাঠকসমাজের ভালোবাসায় সিক্ত হয়েছে—এই স্বীকৃতি আমাদের পথচলার শক্তি বাড়িয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্র, বনানী ক্লাব ও বাংলা একাডেমিতে অনুষ্ঠিত বিভিন্ন শিল্প ও সাহিত্যের আয়োজনে কথার কাগজের দীপ্ত ও প্রাণবন্ত উপস্থিতি প্রমাণ করেছে যে, একটি সংবেদনশীল ও দায়িত্বশীল সাহিত্যপত্রিকা কীভাবে মূলধারার সাংস্কৃতিক পরিসরে নিজস্ব অবস্থান তৈরি করতে পারে।

বাংলাদেশে সংঘটিত জুলাই অভ্যুত্থানের সময়েও কথার কাগজ তার সাহিত্যিক ও নৈতিক অবস্থান থেকে একচুলও সরে আসেনি। রাষ্ট্র, সমাজ ও মানুষের সংকটময় মুহূর্তে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো যে সাহিত্যের মৌলিক দায়িত্ব- এই বিশ্বাস থেকে কথার কাগজ প্রতিবাদী কণ্ঠকে আশ্রয় দিয়েছে। সেই সময়ে কথার কাগজের সাহিত্য ব্লগে প্রকাশিত হয়েছে প্রতিবাদী কবিতা, গল্প, প্রবন্ধ ও আত্মকথন- যেখানে শোষণ, দমন ও অন্যায়ের বিরুদ্ধে শব্দ হয়ে উঠেছে প্রতিরোধের হাতিয়ার। এই অবস্থান কোনো সাময়িক প্রতিক্রিয়া নয়, বরং কথার কাগজের আদর্শিক পথচলারই স্বাভাবিক সম্প্রসারণ- যেখানে সাহিত্য কেবল সৌন্দর্যের অনুষঙ্গ নয়, বরং বিবেকের উচ্চারণ।

বিগত ২০২৫ কথার কাগজের জন্য ছিলো আত্মবিশ্বাস ও আত্মদায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের অর্জন আমাদের সামনে যেমন গর্বের, তেমনি ভবিষ্যতের জন্য আরও গভীর দায়ও তৈরি করে। প্রকাশনা, বিতরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সরাসরি সাহিত্যিক কর্মকাণ্ড- সব ক্ষেত্রেই কথার কাগজ তার মূল দর্শনের প্রতি অনুগত থেকে এগিয়ে চলেছে। এই যাত্রা চলমান, এবং আগামী দিনগুলোতে সংবেদনশীল, সমেত ও সুগম সাহিত্যচর্চার পরিসরকে আরও বিস্তৃত ও অর্থবহ করে তোলাই আমাদের অঙ্গীকার।

- কথার কাগজ সম্পাদনা পরিষদ




Comments

Popular posts from this blog

কেতন শেখ-এর কবিতা - রঙ

The Price of Money - Joishtho 1432

কেতন শেখ-এর কবিতা - ঘনান্ধকার