অনুবাদ কবিতা - অসমাপ্ত সংগীত

 

অনুবাদ কবিতা

মনন মুকুর নির্বাচিত কবিতা



অসমাপ্ত সংগীত

মূল কবিতা - ইফতেখার রহমান (Bangaliana: The Unfinished Song)

ভাবানুবাদ - কেতন শেখ


রোদে পোড়া মাঠ,

ধুলো আর স্বপ্নের ভার বাতাসের সুতনু কায়ায়,

কর্দমাক্ত চরণ চলছে অবিরাম, 

ধান-পাটের শীষে সুরেলা দুপুর, কোনো অজানা মায়ায়,

মধুমতি আমাদের আকড়ে ধরে রাখে,

যেমন বাহুডোরের অনবধি স্নেহ, মমতার ছায়ায়।


সানকির ভাপে, পোড়া কাঁচামরিচে হয়তো কোনো সাধারণ ভোজ,

তবু মনে হয়, রাজভোগের পরেও সেই ভোজে কোন পরিতৃপ্তির খোঁজ?


শিরীষের ছায়ায়, পত্ররাজির মায়ায়, গল্পের ঝিলিকে হাসির কোন সে বৃষ্টি ...

ভালোবাসাবাসি তো ছিলো শ্রাবণে, পাকা আমের মতো এখন কেন সে মিষ্টি?


আমাদের রক্তে বাউল গান, অসংলগ্ন হৃদস্পন্দন ঘুরে বেড়ায় অকুণ্ঠ, অবাধ,

জনতার ভিড়ে দীর্ঘশ্বাস ফেলে লালন, আগুন-অরুণ ভোরে কখনও ঝড় তোলে নজরুলী সাধ ...

শৃঙ্খল ভেঙে যায়, বাঁশি ডাকে আকাশকে, 

আজান ও শঙ্খ একসাথে আনে 

দ্বিধাহীন প্রেমিকযুগলের মতো দুই ধর্মের হাত ধরাধরির জয়তু-জিন্দাবাদ।


হ্যাঁ, হয়তো দুই আনার অভাব থাকে সবসময়ই, নিরলস,

চাঁদের দাগের মতো, অথবা লালিত মাটির গায়ে ধরা কোনো এক চিড়,

অথচ সেই ফাটলেই বাস করে সত্য, জ্বলে ওঠে কোনো করুণাময়ীর পরশ 

... লেনদেনের এক জীবনে সেই হিসেবটা থেকে যায় স্থির।


বাঙালিয়ানা ....

তুমি তাই আঠারো আনার মতোই পূর্ণ।


আমাদের পাঁজরের নীচে হৃদস্পন্দন,

বৃষ্টিতে ভেজা মাটির সুবাস,

অলিখিত নির্বাসনে আমরা যেই মুখের জন্য আকুল,

যে আলিঙ্গনের টানে আমরা ছুটি বারংবার

অচেনা আকাশেও তেমনি 

খুঁজে নেই চেনা বাতাস।


বাঙালিয়ানা ...

তুমি তেমনই আমার কোনো অসমাপ্ত সংগীত,

কখনও আলাপে, কভু সন্চারীতে, 

আবার কখনও মীড় ...

তুমি আমার অনেক প্রিয়,

আমার চিরস্থায়ী আবাস, 

আর মায়াঘেরা শান্তির নীড়।



© Shobdomukur.com

Published in আঠারো আনা বাঙালিয়ানা।


Comments

Popular posts from this blog

কেতন শেখ-এর কবিতা - রঙ

The Price of Money - Joishtho 1432

কেতন শেখ-এর কবিতা - ঘনান্ধকার