কেতন শেখ-এর নতুন কবিতা - লাল শালুকের প্রেম
গ্রীষ্মের ঘামে প্রেম-ঋণে দিলে
বন্ধকী মনে খরা,
আমি তো আগেই সর্বহারা
কোন সুখে তুমি পাগল পারা?
বালুচরা রঙে বৈশাখী ঝড়ে
প্রণয়ে পড়লে ধরা!
বর্ষা বরণ প্রণয়ে দিয়েছো
শ্যামল … আদরে বোনা,
মন তো আমার অস্থিরই, তাও
কেনই বা তাতে নবধারা দাও?
ময়ুরকণ্ঠী সবুজে মেশাও
তারুণ্য যন্ত্রণা!
শরত শান্ত দুপুরের ঘুমে
এঁকে দিলে দেহস্পর্শ,
আমি তো কবি, তুমি রাধাচূড়া
তবু কেন দিয়ে পীত-সীধু-সুরা,
কবি-স্বপ্নের নিধনে করলে
কুঁড়েমিকে নির্বংশ!
হেমন্ত রঙে উর্বশী ঢঙে
কেন দিলে কল্পনা?
প্রতীক আমার এখনও সুদূরে
তুমি সেই কোন নবান্ন সুরে
আলতা লালের চরণে উঠোনে
আঁকো কেন আলপনা?
শীতের ধূসর অনুষ্ণে দিলে
বক্ষভাঁজের ওম,
নক্তচারী জাগরুক আমি
তুমি নিয়ে যতো মাঘী বদনামী,
কর্দমাভার মেঝেতেই জ্বালো
কোন সম্ভোগী মোম?
বাসন্তিকের কৃষ্ণচূড়ায়
রোদ ছড়িয়ে দিয়ে,
ভরলে আমার বিবর্ণ পট
বিবর মনে কেনই নিপট
লাল শালুকের ছোপে, প্রেমের
দৃশ্য এলে নিয়ে?
.jpg)

Comments
Post a Comment